চট্টগ্রামের জোরারগঞ্জে ৩ হাজার ৩১২ ইয়াবাসহ তিন মাদক কারবারি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে চারজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছ পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলা পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় পুলিশ বক্সের সামনে প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ সময় কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা মো. আয়াস (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজতে থাকা ১ হাজার ৩১২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এরপর শুক্রবার সকালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পাবনা জেলার মো. জাফর ইকবাল (২৯) ও তার স্ত্রী মোছাম্মৎ জুথী (২১)। তারা তাদের লাগেজের ভেতরে কাপড়চোপড়ের আড়ালে স্কচটেপে মুড়িয়ে এই ইয়াবাগুলো বহন করছিলেন।
অন্যদিকে, পৃথক অভিযানে মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোছাম্মৎ শিরিনা বেগম ও মো. ইয়াছিনকে তাদের নিজ বাড়ি দক্ষিণ মরগাং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চুরির মামলায় সন্দেহভাজন আসামি মো. আলাউদ্দিনকে বিএসআরএম গেট এলাকা থেকে এবং মোবারকঘোনা এলাকা থেকে শাহেদুজ্জামান শাহেদ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















