চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

ফসলি জমির টপসয়েল ও পাহাড় নিধন বন্ধের দাবিতে সাতকানিয়ায় মানববন্ধন

ফসলি জমির টপসয়েল ও পাহাড় নিধন বন্ধের দাবিতে মানববন্ধন

সাতকানিয়া সংবাদদাতা

৫ জুন, ২০২৬ | ৮:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম ছনখোলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এবং পাহাড় ও ফসলি জমি রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বিচারে পাহাড় কাটা এবং কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে অবৈধ ইটভাটায় ব্যবহারের ফলে এলাকার পরিবেশ ও কৃষি মারাত্মক হুমকির মুখে পড়েছে। এতে একদিকে যেমন ফসল উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে কৃষকদের জীবন-জীবিকাও সংকটে পড়ছে।

 

সমাবেশে বক্তব্য রাখেন মোস্তফিজ, এডভোকেট নজরুল, মুক্তার আহমেদ, আক্কাস উদ্দীন ও খালেদ হোসাইন খোকন।

 

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও তা কোনো স্থায়ী সমাধান আনতে পারছে না। অভিযানের রেশ কাটতে না কাটতেই পুনরায় অবৈধভাবে মাটি কাটা শুরু হয়।

 

স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে বারবার এই বিষয়ে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।

 

মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ ইটভাটাগুলো বন্ধ, পাহাড় ও কৃষিজমি রক্ষায় কঠোর নজরদারি নিশ্চিত করার এবং এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট