চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

আইসিইউতে রিকশাচালক আবদুল নবী, খোঁজ মেলেনি হামলাকারীর

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

৫ জুন, ২০২৬ | ৩:২০ অপরাহ্ণ

রিকশাচালক আবদুল নবীকে (৫০) নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৪ জুন) দিন দুপুরে কুপিয়ে তার রিকশা নিয়ে পালিয়ে যায় এক হামলাকারী। এরপর গুরুতর আহত অবস্থায় আবদুল নবীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

রিকশাচালক আবদুল নবী বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়ার বাসিন্দা।

জানা গেছে, আবদুল নবী বৃহস্পতিবার দুপুরে এক যাত্রীকে নিয়ে উপজেলার কধুরখীল লালার দীঘিরপাড় এলাকায় যাওয়ার পথে গাড়িতে থাকা ওই যাত্রী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

রিকশা চালক আবদুল নবীকে কোপানোর পর রিগ্যান বিশ্বাস নামে এক ব্যক্তিকে রিকশা নিয়ে চলে যেতে দেখেছেন স্থানীয়রা। তার পরিহিত শার্টে ছিলো রক্তের দাগ। সড়কে থাকা সিসিটিভির ধারণকৃত ফুটেজেও রিকশা নিয়ে পালিয়ে যেতে দেখা যায় রিগ্যানকে।

অভিযুক্ত রিগ্যানের খোঁজে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখনো পর্যন্ত রিগ্যানের হদিস না মিললেও চরণদ্বীপ এলাকায় সড়কের পাশে রেখে যাওয়া আবদুল নবীর রিকশাটি পাওয়া গেছে।

পলাতক রিগ্যান বিশ্বাস (৩৫) কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পূজন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট