চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

সন্ত্রাস ও চাঁদাবাজির মামলায় হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

চাঁদাবাজির মামলায় হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

হাটহাজারী সংবাদদাতা

৪ জুন, ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে সাংবাদিক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে ইফতেখার উদ্দিন চৌধুরী মঞ্জু (৪৫) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার ধলই ইউনিয়নের শফিনগর গ্রামের গোল আরব চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মঞ্জু ওই এলাকার নুরুল আলম চৌধুরীর পুত্র।

পুলিশ জানায়, মঞ্জুর বিরুদ্ধে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্নস্থানে সন্ত্রাস ও চাঁদাবাজি করার একাধিক অভিযোগ রয়েছে।

হাটহাজারী মডেল থানার এস আই সজিব তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, মঞ্জু নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপকর্ম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। এর আগেও ২০১৯ সালের ১১ জানুয়ারি ট্রাফিক পুলিশের কাছে চাঁদা দাবি করে না পেয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। ওই ঘটনায় একই বছরের ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।

মঞ্জু বিভিন্ন সময় নির্দিষ্ট কোনো টিভি চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো অফিস বা বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করতেন বলে জানা গেছে।

গ্রেপ্তার আসামিকে শুক্রবার (৫ জুন) সকালে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট