চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ের সিলিন্ডারের আগুনে নিঃস্ব  ৩ পরিবার

সিলিন্ডারের আগুনে নিঃস্ব মিরসরাইয়ের ৩ পরিবার

মিরসরাই সংবাদদাতা

৪ জুন, ২০২৬ | ৭:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ওই তিন পরিবারের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের পরিবারের লোকজন গ্যাসের চুলায় রান্না করেন। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় একে একে ৩টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাবিবুর রহমানের ছেলে নুরুচ্ছালাম জানান, রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন জ্বলছিলো। কিন্তু হঠাৎ করে সিলিন্ডারে আগুন লেগে পড়ে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমাদের ৩ ভাইয়ের ৩টি ঘর একেবারে পুড়ে ছাই হয়েছে যায়। ঘরের আসবাবপত্র ও নগদ টাকাসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।

এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার অলঙ্গ মারমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেলেও বেশ কয়েকটি ঘর রক্ষা করা সম্ভব হয়েছে।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট