কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র-কার্তুজসহ আহাম্মদ নুর (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আহাম্মদ নুর পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারিঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
বুধবার (৩ জুন) দিবাগত রাত পৌনে ২টায় উপজেলার শিলখালী গ্রামে কাছেমুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, পেকুয়ার শিলখালী গ্রামে কাছেমুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা মসজিদের সংলগ্ন রাস্তার মোড়ে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে: এমন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত পৌনে ২টায় অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আহাম্মদ নুর নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, দুইটি তাজা কার্তুজ, দুইটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব।
পূর্বকোণ/পিআর

















