রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজারের মুদি দোকান থেকে উদ্ধার হওয়া একটি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৩ জুন) বেলা ১১টায় বাজারের ব্যবসায়ী বিকাশের দোকান থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগ।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, দোকানের ভেতর একটি অজগর সাপ দেখতে পেয়ে ব্যবসায়ী বিকাশের পক্ষ থেকে বন বিভাগকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে বন বিভাগের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে এবং ওই দিন বিকেলেই তা কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। উদ্ধার হওয়া অজগর সাপটির দৈর্ঘ্যে পাঁচ ফুট এবং এর ওজন প্রায় চার কেজি।
সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. জামাল উদ্দিন তালুকদার, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান, কর্ণফুলী রেঞ্জ অফিসার আবু নাঈম, কাপ্তাই সদর বিট অফিসার আব্দুল্লাহ আল নাঈম এবং ব্যাং ছড়ি বিট অফিসার জাহাঙ্গীর আলম মজুমদারসহ বনকর্মীরা।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















