চট্রগ্রামের টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘লেডু’কে গ্রেপ্তার করেছে টেকনাফ র্যাব-১৫। বুধবার (৩ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি জামাল উদ্দিন প্রকাশ জামাল হোসেন প্রকাশ লেডু (৪০) মৃত আমির মোহাম্মদ সওদাগরের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক ৩ জুন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, লেডুর বিরুদ্ধে টেকনাফ থানার ২০২২ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মাদক মামলা বিচারাধীন ছিল| আদালত উক্ত মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
সাজা ঘোষণার পর থেকেই আসামি আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পুষ্প/পারভেজ
















