চট্টগ্রামের হাটহাজারীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে মুহাম্মদ আয়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) বেলা ১২ টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের তৈয়ব চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। আয়ান পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আজিজুল হকের এক মাত্র ছেলে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১২টায় পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির সামনে একটি পুকুরে পড়ে যায় আয়ান।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে বাড়ির সামনে পুকুরে আয়ানের হাতে থাকা একটি ক্যালকুলেটর পুকুরে ভাসতে দেখা যায়। পরে আয়ানের দাদা সোয়াইব পুকুরে নেমে খুঁজতে থাকেন। একপর্যায়ে সোয়াইবের পায়ের সাথে পানিতে আয়ানের শরীর স্পর্শ হলে তাকে পানি থেকে উপরে নিয়ে আসেন।
পরিবারের সদস্যরা দ্রুত আয়ানকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
বুধবার বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















