কক্সবাজারের চকরিয়ায় জানালার গ্রিল কেটে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। বুধবার (৩ জুন) ভোর চারটার দিকে পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকেন আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু। ডাকাতির দিন তিনি পৌরসভার বাটাখালীস্থ তার নবনির্মিত বসতবাড়িতে স্ত্রীসহ অবস্থান করছিলেন। তার দুই সন্তানও ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। সে সুবাদে ছয় জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা গৃহবধূ, তার সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে চার ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ নগদ টাকা, তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু বলেন, আমি চকরিয়া পৌরসভার বাটাখালীস্থ নবনির্মিত বসতবাড়িতে স্ত্রীসহ অবস্থান করছিলাম। আমর দুই পুত্রসন্তানও বাড়ির বাইরে ছিল। বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুবাদে ডাকাতদল আমার বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।
পূর্বকোণ/পিাার
















