চট্টগ্রামের সাতকানিয়ায় ফারজানা ইয়াছমিন (২৫) নামে দুই সন্তানের এক জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানুরমার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা ইয়াছমিন সাতকানিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড গোয়াজার পাড়া এলাকার আবুল কাশেমের মেয়ে। তার ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান ও দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের বোন রিনা জানান, গত প্রায় দুই মাস ধরে ফারজানা মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
নিহতের স্বামী মো. রিদুয়ান জানান, তিনি কেরানীহাট এলাকায় একটি পানের দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো সকালে দোকানে চলে যান। দুপুরে খাবার পাঠানোর জন্য স্ত্রীকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে বাড়িতে এসে তিনি স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার স্ত্রী গত এক-দুই মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর
















