চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি

৩ জুন, ২০২৬ | ৩:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাকপ্রতিবন্ধী বৃদ্ধা নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়া এলাকার নজির আহমদের স্ত্রী। তিনি বেশ কিছুদিন আগে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

নিহত নুরুন্নাহার বেগমের ছোট বোন শাহিন আক্তার বলেন, ‘আমার বোন বাকপ্রতিবন্ধী ছিলেন। এ ছাড়াও বয়সের কারণে তিনি কানে কম শুনতেন। সকালে ঘুম থেকে উঠে রেললাইন এলাকায় হাঁটতে বের হলে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।’

 

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।’

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি আমি অবগত রয়েছি। তবে লাশের সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন রেলওয়ে পুলিশ (জিআরপি)।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট