চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী গাড়ির ধাক্কায় শফিউল আলম প্রকাশ শিশু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে সীতাকুণ্ড পৌরসভাধীন পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল আলম উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর গ্রামের মুনছুর মেম্বার বাড়ির মনিরুজ্জামানের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শফিউল আলম সীতাকুণ্ড সদর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পূর্ব পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজারে যাওয়ার পথেই তিনি এই দুর্ঘটনার শিকার হন।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















