বান্দরবানে বন্ধুদের সাথে ভ্রমণে গিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত রাউজানের কলেজ ছাত্র নাফিজ বিন ফারুকী (২১) মারা গেছেন।
মঙ্গলবার (২ জুন) বেলা ১২টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সড়ক দুর্ঘটনার ১১ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানলেন এই মেধাবী শিক্ষার্থী।
পরিবারের একমাত্র সন্তান নিহত নাফিজ বিন ফারুকী রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধাপাড়া বড় বাড়ির ফারুক আহমেদের ছেলে এবং নোয়াপাড়া ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।
জানা যায়, ২৩ মে বন্ধুদের সাথে মোটরসাইকেলযোগে বান্দরবানে ভ্রমণে গিয়েছিলেন ফারুকী। সেখান থেকে ফেরার পথে বিকেল ৪টার দিকে পটিয়া বাইপাস রোডে ‘সৌদি’ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা ফারুকী এবং চালক আরেক্স ফাহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেও শেষ পর্যন্ত ফারুকীকে বাঁচানো সম্ভব হয়নি। চালক ফাহিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের মামা আতিকুল্লাহ মুরাদ জানান, ১১ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার দুপুরে ফারুকী মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কাঁঠালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















