চট্টগ্রামের পটিয়ায় ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মো. রাকিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার রাকিব কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুর সিকদার বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার কেলিশহর ইউনিয়নের দারোগার হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আজ বিকেলে মো. রাকিব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো সবুজ রঙের সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। অভিযানকালে অপর মাদক ব্যবসায়ী মো. আসলাম (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, এ ঘটনায় পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর
















