কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন বিষয়ে হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে প্রশাসনিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রবিবার (১ জুন) পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের প্রেক্ষিতে দেওয়া আদেশ অনুযায়ী পূর্বের একটি স্মারকের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।
জানা যায়, পূর্বে শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্বে থাকা মো. কামাল হোসাইন বিগত ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরিষদে অনুপস্থিত থাকায় কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছিল এবং আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের জন্য পরবর্তীতে তার স্থানে সরকার, পেকুয়া সহকারী কমিশনার (ভূমি) কে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছিলেন ।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে আদালত সাময়িকভাবে পূর্বের আদেশ স্থগিত করেন।
হাইকোর্টের আদেশে বলা হয়েছে, রুল শুনানি শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চেয়ারম্যানকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া যাবে না এবং অবিলম্বে তাকে তার পদে কাজ করার সুযোগ দিতে হবে।
এ প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মো. কামাল হোসাইনকে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।
পূর্বকোণ/রাকিব/পারভেজ
















