চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক, পটিয়ার সেই যুবদল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

২ জুন, ২০২৬ | ১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনায় আলোচিত যুবদল নেতা মিজানুর রহমান কফিলকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১ জুন) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের অধীন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান কফিলের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রবিবার কোলাগাঁও ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন কফিল।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ওই নারীর সঙ্গে কফিলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কফিল। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তিনি বলেন, আত্মীয়ের বাড়িতে লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এখনও এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট