চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

প্রবাসীর ঘরে ফেরার এক ঘণ্টার মধ্যেই স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রবাসীর ঘরে ফেরার এক ঘণ্টার মধ্যেই স্ত্রীর রহস্যজনক মৃত্যু

রাউজান সংবাদদাতা

১ জুন, ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বিদেশফেরত স্বামীর ঘরে ফেরার মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রিয়া শীল নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আজ সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকায় এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত প্রিয়া শীল হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার মৃত সুলাল শীলের মেয়ে এবং রাউজানের দুবাই প্রবাসী নয়ন শীলের স্ত্রী।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ১০ জুন দুবাই থেকে নয়ন শীলের দেশে আসার কথা ছিল। কিন্তু পরিবারের কাউকে কিছু না জানিয়ে সোমবার সকাল ১০টায় তিনি বাড়িতে পৌঁছান। এর ঠিক এক ঘণ্টা পর বাড়ি থেকে কয়েক শত ফুট দূরের একটি গোসলখানা থেকে প্রিয়া শীলের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতের মা রূপনা শীল বলেন, আমাদের প্রথমে জানানো হয়েছিল প্রিয়া নালায় পড়ে গিয়ে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আমরা তার আত্মহত্যার খবর পাই।

 

নিহতের মা রূপনা শীল আরও বলেন, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

 

অন্যদিকে, অভিযুক্ত স্বামী নয়ন শীলের দাবি, তার স্ত্রী প্রিয়া শীল গোসলখানায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। অনেক খোঁজাখোঁজির পর তিনি নিজেই দরজা ভেঙে স্ত্রীর মরদেহ উদ্ধার করেন বলে জানিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট