কক্সবাজারের টেকনাফে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে হাবিবুর রহমান প্রকাশ অটো হাবি (৫৫) নামে এক টমটম চালককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি উপজেলার হ্নীলা রাসুলাবাদ কিয়াংপাড়া এলাকার মৃত ছবিউর রহমান ওরফে ছবিরানের ছেলে।
আজ সোমবার (১ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর আলীখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
১০ বছর বয়সী স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় র্যাব এই মিনি টমটম চালককে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুরগির ফার্মের পাশে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় লোকজন হাবিবুর রহমান প্রকাশ অটো হাবিকে আটক করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে এক টমটম চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে|
জানা গেছে, ২ বছর আগে অভিযুক্ত হাবিবুর রহমানকে নিজ এলাকায় এক প্রবাসীর ৫ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আদালত কারাগারে পাঠায়। ১ বছর আগে কারাগার থেকে মুক্তি পান তিনি।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















