কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে দীর্ঘ ১৭ ঘণ্টা পর সৈকতে ভেসে এল নিখোঁজ পর্যটক মো. আবিরের (১৮) মরদেহ।
আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৫টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্টের বালুচরে তাঁর মরদেহ ভেসে আসে। নিহত আবির পুরান ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে।
এ বিষয়ে সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি-সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার লালবাগ থেকে আসা আবিরসহ ৯ বন্ধু মিলে একটি লাইফ টিউব নিয়ে সুগন্ধা পয়েন্টে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের তীব্র স্রোতে তাঁদের মধ্য থেকে দুই বন্ধু টিউব থেকে ছিটকে গভীর সাগরে পড়ে যান। উপস্থিত লাইফগার্ড কর্মীরা তাৎক্ষণিকভাবে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আবির সাগরে তলিয়ে যান।
আজ সোমবার ভোরে দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে নাজিরারটেক পয়েন্টের সৈকতে স্থানীয় জেলেরা একটি মরদেহ পড়ে থাকতে দেখে লাইফগার্ড ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও লাইফগার্ড কর্মীরা মরদেহটি উদ্ধার করার পর আবিরের সাথে থাকা স্বজন ও বন্ধুরা সেটি আবিরের লাশ বলে শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি নাদিম আলী। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত তরুণের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















