কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. আবির (১৮) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মো. আবির রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে।
সোমবার (১ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে নাজিরারটেক সৈকত এলাকায় লাশটি ভেসে আসে।
এর আগে গতকাল রবিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি। এরপর বন্ধুদের নিয়ে শহরের কলাতলী এলাকার একটি গেস্টহাউসে উঠেছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে তারা সাগরে গোসল করতে নামেন। দুপুরে সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে নিকোঁজ হন ওই পর্যটক।
সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান গনি জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমেছিলেন আবির। এ সময় তিনি সাগরে তলিয়ে যান। গতকাল দিনভর তাকে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান মেলেনি। আজ ভোরে লাশটি নাজিরারটেক সৈকতে ভেসে আসে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পরিবারের সদস্যরা আবিরের লাশ শনাক্ত করেন।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের ‘বিচ–কর্মী’ মাহবুবুর রহমান বলেন, গোসলের সময় একটি টিউবে উঠেছিলেন আবির। ঢেউয়ের ধাক্কায় তিনি টিউব থেকে পানিতে ছিটকে পড়েন। বিষয়টি তখনই প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করা হয়।
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/পিআর
















