চট্টগ্রামের মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা ও ৬২০ পিস ভাঙা ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে বাবু মোল্লা (৪৫) নামে গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা বলেও জানিয়েছে পুলিশ।
রবিবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসানো হয়। রাত আড়াইটার দিকে (ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯) নম্বরের একটি প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির পেছনের বেকডালার নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং ৬২০ পিস ভাঙা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং ৬২০ পিস ভাঙা ইয়াবা উদ্ধার করা হয়। গাড়িচালক বাবু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার চালক একটি বড় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তথ্য অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’
পূর্বকোণ/পিআর
















