চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

লাঠিপেটায় যুবক নিহতের গুজব: চকরিয়ায় পুলিশ-জনতা সংঘর্ষ

লাঠিপেটায় যুবক নিহতের গুজব: চকরিয়ায় পুলিশ-জনতা সংঘর্ষ

চকরিয়া সংবাদদাতা

৩০ মে, ২০২৬ | ১১:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় এক নারী ভিকটিমকে উদ্ধার করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ এবং পরবর্তীকালে ছড়িয়ে পড়া নিহতের গুজবে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয় এবং পুলিশের লাঠিচার্জে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, ঈদগাঁও উপজেলার ২০ বছর বয়সী এক তরুণী চকরিয়ার নুরুল আমিনের (২৪) সাথে প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে আসেন। দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হলেও মেয়ে পক্ষের কয়েকজন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে উদ্ধার করতে যায়।

 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীটিকে উদ্ধারের চেষ্টা করলে তিনি যেতে রাজি হননি। একপর্যায়ে এসআই মো. আরকানুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ শুরু করে। পুলিশের এই লাঠিচার্জে স্থানীয় নুরু মাঝির ছেলে নুরুল আমিন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে নুরুল আমিন মারা গেছেন— এমন গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পুলিশকে ধাওয়া দেয় এবং পুলিশের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরবর্তীতে চকরিয়া থানার ওসি অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

আহত নুরুল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ জানিয়েছেন, এই সংঘর্ষে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তিনি আরও আশ্বস্ত করেছেন, অভিযানে পুলিশের কোনো সদস্যের গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট