চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়ায় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩০ মে, ২০২৬ | ১০:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ ইউছুফ (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টায় প্রতিবেশীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে চন্দ্রঘোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম পশ্চিম নতুন পাড়া গুমাইবিল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাপে দংশন করার পর ইউছুফ তাৎক্ষণিকভাবে কাউকে কিছু জানাননি। এমনকি তিনি বিষের যন্ত্রণা উপেক্ষা করে স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করেন এবং পরবর্তীতে বাড়িতে চলে যান। রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং নাক-মুখ দিয়ে ফেনা বের হতে থাকলে তিনি পরিবারের সদস্যদের জানান যে তাকে সাপে কামড় দিয়েছে।

 

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরইছড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সাপের বিষ প্রতিষেধক (ভেনম ওষুধ) না থাকায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত মোহাম্মদ ইউছুফ তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে স্ত্রী ও তিন পুত্র সন্তান নিয়ে পরিবারটি এখন চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে। শোকসন্তপ্ত এই পরিবারটি বর্তমানে সরকার এবং রাঙ্গুনিয়ার সাংসদ হুমাম কাদের চৌধুরীর জরুরি সহায়তা কামনা করেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট