চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

অবৈধভাবে বালু উত্তোলন, ১৪টি শ্যালো মেশিন ধ্বংস

অবৈধভাবে বালু উত্তোলন, ১৪টি শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাই সংবাদদাতা

৩০ মে, ২০২৬ | ১০:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই করেরহাট ইউনিয়নের ফেনী নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৩০ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৪টি শ্যালো মেশিন এবং প্রায় ৫ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

 

জানা গেছে, অভিযানটি করেরহাট ইউনিয়নের মোল্লারঘাট এলাকা, অলিনগর থেকে লিচুতলা বাজার এবং পূর্ব অলিনগর এলাকায় পরিচালিত হয়। এই সময় নদীর বিভিন্ন পয়েন্টে পল্টুনে স্থাপিত ৮টি এবং নদীর পাড়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও ৬টি শ্যালো মেশিনসহ মোট ১৪টি মেশিন ধ্বংস করা হয়। এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পল্টুন, পাইপ, ভাসমান ড্রামসহ অন্যান্য অবকাঠামোও বিনষ্ট করা হয়েছে।

 

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। তাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন করেরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, অভিযানের এলাকাগুলো অত্যন্ত দুর্গম হওয়ায় বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

 

তিনি বলেন, ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট