চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনার দুইদিন পার হলেও নিখোঁজ নববধূ কণিকা দাশের (২০) কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের উদ্ধার তৎপরতার পরও শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার ( ২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজের স্বজন রূপন দাশ।
এর আগে গত বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার কোদালা ঘাট থেকে চন্দ্রঘোনা মৃণাল পাড়ায় যাওয়ার পথে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় নৌকায় থাকা শিশুসহ ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন নববধূ কণিকা দাশ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই বছর বয়সী শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে নিখোঁজ নববধূর সন্ধানে স্বজনদের মাঝে উৎকণ্ঠা বেড়েই চলেছে সাথে আহাজারিও। কেউ কর্ণফুলী নদীতে নিখোঁজ এই নববধূর সন্ধান পেলে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান জানিয়েছেন।
নিখোঁজের ভাসুর রূপন দাশ জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নৌকা নিয়ে নারানগিরী ঘাট থেকে শুরু করে সরফভাটা চিড়িয়া ঘাট পর্যন্ত আমরা অনুসন্ধান করেছি। কোন হদিস মেলেনি।
পূর্বকোণ/পিআর
















