চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৪

কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় বেপরোয়া গতির ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

 

নিহত সজিব হোসেন (২৬) কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে।

 

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

 

তারা হলেন- পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), একই উপজেলার আশিয়াশ ইউনিয়ন মোল্লাপাড়া খন্দকার বাড়ির মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬), পটিয়া পৌরসভার গোবিন্দ খিল এলাকার অলি মিস্ত্রির বাড়ির বাদশা মিয়ার ছেলে হারুনর রশিদ (৫১)।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহতদের চমেক হাসপাতালে আনা হয়। আহত সজিব হোসেন বৃহস্পতিবার রাত ১টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট