চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

জঙ্গল সলিমপুরে সশস্ত্র হামলা, ‘ইয়াসিন’সহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

জঙ্গল সলিমপুরে সশস্ত্র হামলা, ‘ইয়াসিন’সহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৬ | ৮:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সশস্ত্র হামলা চালিয়ে যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে।

 

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন, যা মঙ্গলবার (২৬ মে) নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম। মামলায় আলোচিত সন্ত্রাসী মো. ইয়াসিনসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

 

পুলিশের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় এই মামলাটি করা হয়েছে। মামলার ৪২ জন আসামির মধ্যে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া পাঁচজনও রয়েছেন।

 

জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার সময় ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং বুলডোজার দিয়ে ক্যাম্পের চৌকির দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন, সেজন্য সন্ত্রাসীরা অন্তত চারটি স্থানে রাস্তা কেটে দিয়েছিল।

 

র‍্যাব-৭–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানিয়েছেন, জঙ্গল সলিমপুর থেকে বিতাড়িত সন্ত্রাসী ইয়াসিন গ্রুপের প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক সংঘবদ্ধ হয়ে এই হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা ও দেশীয় অস্ত্রের পাশাপাশি একে-৪৭-এর মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও ছিল বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

উল্লেখ্য, গত ৯ মার্চ একটি বড় অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেওয়ার পর আলীনগর উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এই যৌথ ক্যাম্পটি স্থাপন করা হয়েছিল। সেখানে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও র‍্যাবের ১৩০ জন সদস্য দায়িত্ব পালন করছিলেন । আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ক্যাম্পটি পরিদর্শন এবং উদ্বোধন করার কথা ছিল। এর আগে গত জানুয়ারি মাসে এই এলাকায় সন্ত্রাসী হামলায় একজন র‍্যাব কর্মকর্তা নিহত হয়েছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট