চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বুধবার চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা কাল

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৬ | ৭:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। হানাফী মাযহাবের ‘নিখুঁত অনুসরণে’ এবং সৌদি আরবে পবিত্র হজ্ব বা ‘ইয়াওমুল আরাফাহ’-র ঠিক পরের দিনই তারা এই উৎসব পালন করে থাকেন।

 

দরবার শরীফ সূত্রে জানা গেছে, প্রায় দুই শত বছর ধরে এই নিয়ম মেনে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরীফের মূল খানকা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দরবারের পূর্বসূরি অলি-বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করে এবারের জামাতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

 

সাতকানিয়া উপজেলার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডাঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা ও হালুয়াঘোনা এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী ও জামিরজুরিসহ চট্টগ্রামের শতাধিক গ্রামের মানুষ বুধবার ঈদ উদযাপন করবেন।

 

এছাড়াও বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, পটিয়া, সন্দ্বীপসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের বহু গ্রামে ঈদ পালিত হবে। চট্টগ্রামের বাইরে ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, বরিশাল ও ভোলাসহ দেশের বিভিন্ন জেলার অসংখ্য মুরিদ ও অনুসারী একই দিনে ঈদুল আজহার আনন্দ ভাগ করে নেবেন।

 

ঈদ উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের দায়িত্বশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মছউদুর রহমান জানান, তারা হানাফী মাযহাবের বিশুদ্ধ অনুসারী হিসেবে বিগত দুই শতাধিক বছর ধরে হজ দিবসের পরের দিনই ঈদ পালন করছেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের নিখুঁত অবস্থান এবং হজের খবর সরাসরি নিশ্চিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও আরাফাতের ময়দান থেকে হজের খুতবা ও হজ পালনের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করার পর বুধবার ঈদের নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি সম্পন্ন করা হবে এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট