চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বান্দরবানে আশানুরূপ সাড়া নেই পর্যটকদের

বান্দরবানে আশানুরূপ সাড়া নেই পর্যটকদের

মিনারুল হক, বান্দরবান

২৬ মে, ২০২৬ | ১২:৫৯ অপরাহ্ণ

সবুজ পাহাড়ের সাথে মেঘের মিতালী। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের এমন দৃশ্য এখন এই সময়ে চোখে পড়বেই। আর টানা ছুটি পেলে তো কথাই নেই। ঈদের টানা ছুটিতে হাজারো পর্যটক ছুটে আসে বান্দরবানে।

 

কিন্তু এবার কোরবানির ঈদে টানা ছুটি থাকলেও পর্যটকদের তেমন বুকিং নেই। ব্যবসায়ীরা যে আশা নিয়ে বসে রয়েছেন সেটি পূর্ণ হয়নি। হোটেল মোটেল রিসোর্টে তেমন বুকিং না হওয়ায় হতাশায় পড়েছেন পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অথচ রোজার ঈদে প্রচুর পর্যটক এসেছিল বান্দরবানে। হোটেল মোটেল রিসোর্টগুলো সবই আগে থেকেই বুকিং ছিল। শুধু বান্দরবান শহরেই নয় বিভিন্ন দুর্গম এলাকার পর্যটনকেন্দ্র গুলোতেও পর্যটকরা ঘুরে বেড়িয়েছেন।

 

হোটেল-মোটেল রিসোর্টগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এবারের ঈদের ছুটিতে হোটেলগুলো দুই তৃতীয়াংশ বুকিং হয়েছে। কোন কোনোটিতে অর্ধেকও হয়নি।

 

হোটেল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম জানিয়েছেন অর্থনৈতিক সংকটসহ নানা কারণে পর্যটকদের বুকিং কমে গেছে। তিনি বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ব্যবসায়ীরা যে তুলনায় আশা করেছিলেন সে তুলনায় এবার বুকিং হয়নি।’

 

ট্যুরিস্ট গাইড সমিতির সদস্য নুহাই মং জানিয়েছেন, পর্যটকদের বরণ করে নিতে ট্যুরিস্ট গাইড সমিতি প্রস্তুত রয়েছে। রুমা থানচি রোয়াংছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ঈদের ছুটিতে এবার একদিনের জন্য বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি বলেন, ‘ঈদের দিন বিনামূল্যে পর্যটকরা এসব পর্যটন কেন্দ্র ঘুরে বেড়াতে পারবেন। এছাড়া পর্যটকদের নিরাপত্তায়সহ নানা সুবিধা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।’

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট