কক্সবাজারের উখিয়ায় রেজুখাল চেকপোস্টে অভিযান পরিচালনা করে ১৪ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি।
সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে রেজুখাল ব্রিজ সংলগ্ন প্যাচার দ্বীপ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নুর বেগম (৩৫) চট্টগ্রাম সদর থানার বায়েজিদ বোস্তামি আবাসিক রোড এলাকার নুর আলমের স্ত্রী।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ গজ দূরে প্যাচার দ্বীপ নামক এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজিবি’র একটি তল্লাশি দল। অভিযান চলাকালীন নুর বেগমের শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটককৃত নারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















