চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাওলানা আব্দুল্লাহ (৪২) নামের এক মাদ্রাসার শিক্ষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক সরল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর সরল গ্রামের মিজান মাঝি বাড়ির ফজল আহমদের ছেলে। তার দুই ছেলে দুই মেয়ে রয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার। তিনি বলেন, শিক্ষক মাওলানা আব্দুল্লাহ নিজ বাড়িতে রান্নাঘরে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে আব্দুল্লাহ আহত হন। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত ওই শিক্ষকের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/আরআর/পারভেজ
















