চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাজস্থলীতে ট্রান্সফরমার বিকল, তিনদিন ধরে বিদ্যুৎবিহীন ১২ গ্রাম

রাজস্থলীতে ট্রান্সফরমার বিকল, তিনদিন ধরে বিদ্যুৎবিহীন ১২ গ্রাম

রাঙামাটি সংবাদদাতা

২৫ মে, ২০২৬ | ৫:৪৩ অপরাহ্ণ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ভোগান্তিতে পড়েছে ১০-১২ গ্রামের হাজারো গ্রাহক। শনিবার (২৩) মে সন্ধ্যা ৬ টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

 

চন্দ্রঘোনা বিদ্যুৎ কেন্দ্রের (পিডিবি) রাজস্থলীর কর্মকর্তা সুমন বলেন, বাজারের ২০০ মিটারের ট্রান্সফরমারটি গত শনিবার সন্ধ্যার দিকে বিকল হয়ে যায়। এ কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ চলার কথা হয়েছে ফলে কিছুটা সময় লাগবে।

 

পিডিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলী, বিলাইছড়ি, এবং কাপ্তাই উপজেলার পিডিবির আওতায় প্রায় ১৮ হাজার গ্রাহক রয়েছেন।

 

এলাকাবাসীর অভিযোগ, বৈদ্যুতিক ঘাটতির ফলে ঘরের বাতি, পাখা, মোবাইল, রেফ্রিজারেটর বন্ধ হয়ে যাচ্ছে। উপজেলার বাজার এলাকা থেকে শুরু করে মহব্বত পাড়া, অংজাইন পাড়া, ডাক্তার পাড়া, হেডম্যান পাড়া, টাওয়ার পাড়া, নতুন পাড়া, মহাজন পাড়া, খাগড়াছড়ি পাড়া, নোয়াপাড়া, তালুকদারপাড়া, মদন কার্বারী পাড়া, হাজি পাড়ায় বিদ্যুৎ সরবরাহ নাই। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধ, সাধারণ মানুষসহ অসুস্থ রোগীরা।

 

খাগড়াছড়ি পাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়া বলেন, ‘আমি নিয়মিত বাসায় নেবুলাইজার ব্যবহার করি। বিদ্যুৎ না থাকায় সেটা ব্যবহার করতে পারছি না, শ্বাসকষ্টে ভুগছি।’

 

রাজস্থলী বাজার জামে মসজিদের ঈমাম মৌলনা নুরুল হক বলেন, ‘নামাজের সময় অজুর পানির প্রয়োজন হয়। বিদ্যুৎ না থাকায় মুসল্লিদের অসুবিধা হয়ে পড়ছে।’

 

একই এলাকার আরেক বাসিন্দা ক্রানুমা মারমা বলেন, ‘বিদ্যুৎ না থাকায় পানির সংকট দেখা দিয়েছে। গোসল, রান্নাবান্নাসহ নানা দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে। বাচ্চারা পড়াশোনা করতে পারছে না।’

 

চন্দ্রঘোনা লিচু বাগান এলাকার পিডিবি কার্যালয়ের দায়িত্বরত আঞ্চলিক কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, ‘ট্রান্সফরমার বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে নতুন ট্রান্সফরমার বসানোর জন্য আমরা রাঙামাটি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছি। আশা করছি, শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তবে তিন দিন যাবৎ রাজস্থলী বাজারে বিদ্যুৎ না থাকায় মানুষের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে রাজস্থলী উপজেলার (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান বলেন, ‘দ্রুত বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য পিডিবির উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে।’

পূর্বকোণ/রাকিব/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট