কক্সবাজারের টেকনাফে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘দুর্ধর্ষ ডাকাত’ আব্দুল গফুরকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার শয়নকক্ষ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি ও লোহার তৈরি একটি কিরিচ উদ্ধার করা হয়।
আব্দুল গফুর টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া (কোনার পাড়া) গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বাহারছড়ার ৯নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় এক কুখ্যাত ডাকাত তার বসতঘরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার শয়নকক্ষ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি ও লোহার তৈরি একটি কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল গফুর ওই অঞ্চলের সুসংগঠিত ‘গফুর ডাকাত দল’ এর মূল হোতা ও অন্যতম প্রধান অস্ত্রধারী সন্ত্রাসী। গফুর একটি মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলার চার্জশিট রয়েছে। দীর্ঘদিন ধরে গফুর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি ও মাদক চোরাচালানসহ নানা কর্মকাণ্ড করে আসছিল। উদ্ধার অস্ত্র ও আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
পূর্বকোণ/পিআর
















