চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
রবিবার (২৪ মে) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-বরিশাল জেলার গৌরনদী থানাধীন বিল্লু গ্রাম এলাকার মৃত আজহার হাওলাদারের ছেলে মো. আব্দুল আলীম (৩৭), পিরোজপুর জেলার নাজিরপুর থানার ছোট আমতল এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজানুর রহমান মিরাজ (৪০) ও বরিশাল জেলার গৌরনদী থানার মধ্য হুসনাবাজ এলাকার আরজ আলীর ছেলে মো. ইলিয়াছ (৩৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা (এসি) আমিনুর রশীদ। তিনি জানান, গতকাল দুপুরে কলেজ বাজার এলাকায় কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি করা হয়। এতে গাড়ির পেছনে থাকা পাঁচটি প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় চালক আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা গাড়ির মালিক অন্য একটি গাড়িতে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আবার চেকপোস্টে অভিযান শুরু করা হয়। পরে বিকেল ৩টায় আরেকটি প্রাইভেটকার আটক করা হয়। এসময় ওই গাড়িতে থাকা মিজানুর রহমান মিরাজ ও মো. ইলিয়াছকে আটক করা হয়।
গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে মিজানুর রহমান মিরাজ ও ইলিয়াছের বিরুদ্ধে ডিএমপি ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
পূর্বকোণ/পিআর
















