চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা একটি গরুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া গরুটি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরী বাড়ির দিদারুল আলমের। তিনি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দীর্ঘদিন ধরে গরুটি মোটাতাজা করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির অদূরে একটি মাঠে প্রায় ৩ মণ ওজনের ষাঁড়টি বাঁধা ছিল। দুপুরে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরুটি মারা যায়। এর আগে গত শুক্রবার গরুটি বিক্রির জন্য আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। সেখানে ক্রেতারা ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকলেও মালিক ১ লাখ ২০ হাজার টাকার আশায় বিক্রি করেননি।
গরুর মালিক দিদারুল আলম বলেন, অনেক কষ্ট করে কোরবানির জন্য গরুটি লালন-পালন করেছি। সকালে বাড়ির পাশের মাঠে বেঁধে রেখে আসি। দুপুরের পর খবর পাই বজ্রপাতে গরুটি মারা গেছে। গিয়ে দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। প্রায় ১ লাখ ২০ হাজার টাকার গরুটি মারা যাওয়ায় আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।
এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, মায়ানীতে বজ্রপাতে গরু মারা যাওয়ার বিষয়টি এখনও জানতে পারিনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















