চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

পারিবারিক কলহের জের, সীতাকুণ্ডে পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

পারিবারিক কলহের জের, সীতাকুণ্ডে পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

২৩ মে, ২০২৬ | ১০:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পারিবারিক কলহের জেরে পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে।

 

শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুরু উল্লাহ (৬৫) ওই এলাকার অস্থায়ী বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরু উল্লাহর আদি বাড়ি মহেশখালী হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুরে বসবাস করছিলেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গত কিছুদিন ধরে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে পিতা ও পুত্রের মধ্যে চরম মতানৈক্য চলছিল। শনিবারও তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ তার পিতা নুরু উল্লাহকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

 

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে এক পিতার মৃত্যুর খবর তারা পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ঘাতক পুত্র আব্দুল্লাহ বর্তমানে পলাতক রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট