রাউজান পৌরসভা সদরের একটি ভবনের ছাদে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত আমানত হোসেন চৌধুরী সাকিব (২৭) অবশেষে মারা গেছেন।
শনিবার (২৩ মে) শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ মে বিকেলে রাউজান সদরের ইউনুস ম্যানশনের ছাদে হাঁটাহাঁটি করার সময় সাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই ভবনের ছাদের একেবারে কাছ দিয়েই ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনটি গিয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তার শরীরের ৭০ শতাংশ অংশ পুড়ে যায় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছিলেন।
ঘটনার পর থেকে সাকিব টানা ৯ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার বিকেলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়, কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির মাত্র আড়াই ঘণ্টার মাথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সাকিব রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলেংগারা পেতা গাজী চৌধুরী বাড়ির মরহুম আলতাফ হোসেন চৌধুরীর ছেলে। জীবিকার তাগিদে তিনি শিশুদের একটি পাম্পাস কোম্পানিতে টমটম চালাতেন। এদিকে, জননিরাপত্তা উপেক্ষা করে ভবনের এত কাছাকাছি কীভাবে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন গেল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















