চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে আনোয়ারায় প্রশাসনের অভিযান

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে আনোয়ারায় প্রশাসনের অভিযান

আনোয়ারা সংবাদদাতা

২৩ মে, ২০২৬ | ৮:৫৬ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও হাইলধর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫টি মামলায় মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন ব্যক্তিকে আর্থিক দণ্ড প্রদান করা হয় । এর মধ্যে সড়ক পরিবহন আইনে মো. জিসানকে ২০ হাজার টাকা, জেবল হোসেনকে ১ হাজার টাকা এবং আবদুল মানিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই আইনে মোহাম্মদ সৈকত ও কাঞ্চন দত্তকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা জানান, সড়ক পরিবহন আইনের বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রী ভোগান্তি কমাতে জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট