চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

টেকনাফে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে

টেকনাফে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে

টেকনাফ সংবাদদাতা

২২ মে, ২০২৬ | ৯:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. পারভেজ প্রকাশ বাক্কাইয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২১) মে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়।

 

অভিযুক্ত মো. পারভেজ রাঙ্গামাটি জেলার বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে। ছোটবেলা থেকেই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোলাপাড়া এলাকায় তার নানির বাড়িতে বসবাস করে আসছিল।

 

শুক্রবার (২২ মে) বিকেলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ মে (বুধবার) দুপুরে হোয়াইক্যং বাজার পাড়া এলাকায় বাড়ির সামনে ওই শিশুটি খেলছিল। এ সময় অভিযুক্ত পারভেজ তাকে ফুসলিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে যায়। বিষয়টি শিশুটির ছোট ভাই দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তার মাকে জানালে পরিবারের লোকজন ও স্থানীয়রা সেখানে উপস্থিত হয়ে পারভেজকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যে সেখানে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। তবে স্থানীয়রা দ্রুত পৌঁছে যাওয়ায় সে কোনো বড় ক্ষতি করতে পারেনি।

 

বর্তমানে শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট