চট্টগ্রামের মিরসরাইয়ে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রায়হান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী মিনহাজ উদ্দিন সজিব (৩০)। নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।
আজ শুক্রবার (২২ মে) দুপুর একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বড়কমলদহ ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার মো. ইউসুফের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত মিনহাজের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিনহাজকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। মাকে দেখতে সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে ডাকঘর এলাকায় একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















