চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে মো. সাজিদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । এ নিয়ে গত চার দিনে উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে, যা পুরো এলাকায় গভীর শোকের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি করেছে।
শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের বহদ্দার গ্রামে এই ঘটনা ঘটে । সাজিদ ওই এলাকার আহসানুল কবির শহিদের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠোনে খেলার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সাজিদ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন বাকরুদ্ধ।
এই ঘটনার আগে গত তিন দিনে আরও তিন শিশু পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। তারা হচ্ছে- মঙ্গলবার-খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় মুনতাসিন, বুধবার-করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরে মাহিয়া আনুরা আনিসা (১০) এবং বৃহস্পতিবার-করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় খালেদ বিন মহিউদ্দিন (৮)।
স্থানীয় বাসিন্দা আবু শাহাদাত সায়েম পরপর ৪শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, অভিভাবকদের অসচেতনতা এবং শিশুদের সাঁতার না জানা এই দুর্ঘটনার প্রধান কারণ। শিশুদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা এবং ছোটবেলা থেকেই সাঁতার শেখানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
টানা চার দিনে চার শিশুর এমন অকাল মৃত্যুতে মিরসরাইয়ের সাধারণ মানুষের মধ্যে বর্তমানে চাপা আতঙ্ক বিরাজ করছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















