নগরীর জহুর হকার্স মার্কেটের সামনে পুলিশের হাতে ধরা পড়ে আনোয়ারার আলোচিত সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার অন্যতম আসামি এস.এম আবুল বশর (৪৮)। দীর্ঘ আট মাস পর তাকে গ্রেপ্তার, মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল বশর সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের উত্তর তুলাতুলী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
থানা সূত্র জানায়,গত বছরের ১৪ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন চালক সাজ্জাদ। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুইদিন পর, ১৬ সেপ্টেম্বর আনোয়ারার বরুমচড়া এলাকায় হাজী নুরুল হকের ফিসারির পুকুরপাড়ের নিচ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এ ঘটনায় নিহতের বাবা মো. নাছির ড্রাইভার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়,তদন্তের ধারাবাহিকতায় এর আগে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ৭ জন এবং নিহত সাজ্জাদের সিএনজি ক্রয়কারী আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ গ্রেপ্তার হওয়া আবুল বশরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী বলেন, সাজ্জাদ হত্যা মামলা আনোয়ারার অত্যন্ত আলোচিত একটি ঘটনা। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে।
পূর্বকোণ/আরআর
















