চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

২১ মে, ২০২৬ | ৯:২২ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও ৩ থেকে ৪ জন সদস্য কৌশলে পালিয়ে যায়।

 

পুলিশের হাতে আটক ব্যক্তিরা হলেন—রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজির পাড়ার বাসিন্দা ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ছালেহা বেগমের স্বামী নজরুল ইসলাম কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। 

 

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, কক্সবাজার সীমান্ত ঘিরে এখনও একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট অত্যন্ত সক্রিয়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক পরিচয়ধারী সুবিধাভোগী এবং সীমান্তভিত্তিক চোরাকারবারিদের সমন্বয়ে এই নেটওয়ার্ক গড়ে উঠেছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে কৌশলে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় বাহকদের ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে মাদকের বড় বড় চালান পাচার করে আসছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, “আটক নারী-পুরুষ এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। এই ক্ষতিকর চক্রের সঙ্গে জড়িত অন্য নেপথ্যের কারিগরদের ধরতে এবং পলাতকদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।”

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট