চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামে খেলনা তুলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু খালেদের

খেলনা তুলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

মিরসরাই সংবাদদাতা

২১ মে, ২০২৬ | ৮:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুর থেকে খেলনা তুলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম খালেদ বিন মহিউদ্দিন (৮)।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদ একই এলাকার আব্দুল খালেক সওদাগর বাড়ির মহিউদ্দিনের ছেলে। সে ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদরাসার নূরানি বিভাগের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাদরাসা ছুটির পর খালেদ দুপুরে বাড়ির পুকুরপাড়ে গিয়ে বসে। এ সময় পুকুরে ভাসমান একটি খেলনা তার চোখে পড়ে। সেটি তুলতে গিয়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালেদকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর চাচা ও বারইয়ারহাট কমপোট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নিজাম উদ্দিন। তিনি বলেন, পরিবারের তিন সন্তানের মধ্যে খালেদ দ্বিতীয় ছিল। বৃহস্পতিবার বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট