চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ দুইজনের মৃত্যু

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ দুইজনের মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

২১ মে, ২০২৬ | ২:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার-আউলিয়া এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মো. হারুন (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

 

এদিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মো. হাসান (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহত হাসান মিরসরাই উপজেলার মির্জাবাজার দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মিরসরাই থেকে প্রায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী কুমিরা আকিলপুর সাগরপাড় এলাকায় ঘুরতে আসে। তারা একটি গাড়ি থেকে নামার পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি হাসানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট