রাজস্থলীতে আগুনে পুড়ল বসতঘর, খোলা আকাশের নিচে পরিবার
রাঙামাটি জেলার রাজস্থলীতে রাতের আঁধারে আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াং পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারটির সদস্যরা জুম চাষ করে জীবিকা নির্বাহ করতেন। ক্ষতিগ্রস্ত অংথইউ-এর পরিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রান্নার চুলা থেকে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারেনি তারা।
সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রাজিব খিয়াং জানান, হলুদ, ধান আসবাবপত্র সহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিবারটিকে পুনর্বাসন করতে আর্থিক সহায়তা করা হবে। আর্থিক সহযোগিতার জন্য রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হবে।
রাজস্থলী ফায়ার সার্ভিসের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, এলাকাটি দুর্গম আবার সড়কে গাড়ি চলাচলের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি নেওয়া সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর
















