মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধা রফিক সিকদার ইন্তেকাল করেছেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত নবির হোসাইন সিকদারের ছোট ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার জানান, রফিক সিকদার দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে আরব আমিরাতের শারজাহ প্রদেশের রোলা বাজারের একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন। ১৭ মে (রবিবার) কর্মস্থলে থাকা অবস্থায় তিনি হঠাৎ অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শারজাহ এনএমসি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা জানান যে, তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।
ব্যক্তিগত জীবনে রফিক সিকদারের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। মাত্র এক বছর আগে তিনি শেষবার দেশ থেকে প্রবাসে গিয়েছিলেন।
বর্তমানে তার মরদেহ শারজাহ এনএমসি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। রফিক সিকদারের এই অকাল মৃত্যুতে তার নিজ এলাকা রাঙ্গুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















