চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা মাইগাতা এলাকায় একটি সেচ প্রকল্পের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল মরহুম শাহ আলমের স্কীমে ব্যবহৃত প্রতিটি ১০ কেভি ক্ষমতার ৩টি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
এ সময় চোরের দল শুধু ট্রান্সফরমারই নেয়নি, একই সময়ে বৈদ্যুতিক মিটার ভাংচুর এবং সঞ্চালন লাইনেরও ব্যাপক ক্ষতিসাধন করেছে। এতে সব মিলিয়ে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্কীম ম্যানেজার ও মরহুম শাহ আলমের ছেলে মো. খোরশেদ আলম।
এই চুরির ফলে এলাকার কৃষিখাতে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বোরো ধান মৌসুমে এলাকার শত শত কৃষকের চাষাবাদ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. খোরশেদ আলম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এম দিদারুল ইসলাম সিকদার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















