কক্সবাজারের টেকনাফে মৎস্য আইন অমান্য করার অভিযোগে টেকনাফ উপজেলার বিভিন্ন মাছ ঘাটে অভিযান চালিয়ে ৪ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২০ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন মাছঘাটে অভিযান চালিয়ে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক জানান, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মজুদ, সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মৎস্য আহরণ বন্ধ কার্যক্রম বাস্তবায়নে উপজেলার বিভিন্ন মাছঘাটে অভিযান পরিচালনা করে ৪ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন বিসিজি আউটপোস্ট শাহপুরী এর কন্টিনজেন্ট কমান্ডার শামসুল আলম মিয়া, সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলম। মৎস্য সম্পদ রক্ষার্থে এই অভিযান আগামী ১১ জুন পর্যন্ত চলমান থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















